২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘২৪০০ টাকার জন্য‘ বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা ২৪০০ টাকা নিয়ে কাটাকাটির একপর্যায়ে ইমরান রড দিয়ে আল আমিনকে পিটিয়ে নিচে ফেলে চলে যায় বলে জানায় পুলিশ।

যশোরে ‘২৪০০ টাকার জন্য‘ বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরের ঝিকরগাছায় বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ইমরান সরদার (বামে)। নিহত আল আমিন (ডানে)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 09:18 PM

Updated : 18 Jun 2023, 09:23 PM

যশোরের ঝিকরগাছায় পাওনা টাকা আদায়ের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত।

নিহত ২৫ বছর বয়সী আল আমিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আজাদ হোসেনের ছেলে। তিনি শিওরদাহ গ্রামে চার বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন।

আটক ২১ বছর বয়সী ইমরান সরদার একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

আটক ইমরানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে রোববার দুপুরে ঝিকরগাছা থানায় সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আল আমিন ও ইমরান সরদার বন্ধু। তারা একসঙ্গে চলাফেরা করেন। আড়াই মাস আগে আল আমিন তার বন্ধু ইমরানের কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা ধার নেন।

“শনিবার রাতে তারা শিওরদাহ গ্রামের এস এম সরদারের নির্মাণাধীন বাড়ির ছাদে বসে ছিলেন। সেখানে ইমরান পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান রড দিয়ে আল আমিনকে পিটিয়ে নিচে ফেলে চলে যান।

“রোববার সকালে আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।”

আল আমিন নিহতের খবর পেয়ে ইমরানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। সেইসঙ্গে হত্যায় ব্যবহৃত রড ও একটি রক্তমাখা জামা উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, সকাল ৮টার দিকে আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি সুমন ভক্ত।