২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নির্বাচনি প্রচারের সময় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নির্বাচনি প্রচারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিমের অভিযোগ, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে জামায়াতের পাঁচ কর্মী আহত হন।

অন্যদিকে একই ইউনিয়নের বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিন বলেন, “ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হন।”

মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, “বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে, সেখানে জামায়াতের নেতারাও উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।”

ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এ ঘটনায় কোনো পক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি; পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মনপুরা ও চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসনে বিএনপি থেকে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।