সিলেটে পাঁচ ঘণ্টা পর থেমেছে সংঘর্ষ, ‘৯ পুলিশ আহত’
সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ হয়েছে; আটক হয়েছে অন্তত ১২ জন।
সিলেটে ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে দফায়-দফায় চলা সংঘর্ষ থেমেছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, “একটু আগে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমাদের ৯ পুলিশ আহত হয়েছেন; আর ১২ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।”
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর মাদিনা মাকের্ট ও আখালিয়া এলাকায় পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। তবে ছাত্রদের আন্দোলনে মাদিনামাকের্ট ও আখালিয়া এলাকার পাড়া-মহল্লার জনতাকে অংশ নিতেও দেখা গেছে।
মদিনামাকের্ট-বাগবাড়ি সড়ক এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার পরও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।
এদিকে, নগরীতে থেমে-থেমে পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার দাবি করা হচ্ছে। এ ছাড়া সাংবাদিক ও পথচারীও আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় এক শিশু গুলিবিদ্ধ হলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এছাড়া দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস সংষর্ঘ চলার সময় গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিকালে মাদিনামাকের্ট এলাকায় দেখা যায়, বিকাল ৪টার দিকে মদিনামাকের্ট-বাগবাড়ি সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
এ সময় তাদের সঙ্গে এসে যোগ দেন আশপাশ এলাকার যুবকেরা।
তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় আগুন ধরিয়ে দেন।
পরে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছেড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন। একটু পর আবারও আসেন তারা; এসে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করেন। এভাবেই চলছিল সন্ধ্যা পর্যন্ত।
বিকালে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে পুলিশ তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে।”
