১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় মেয়েকে গলা টিপে হত্যা, বাবার ৭ বছরের কারাদণ্ড

২০২০ সালের ১২ সেপ্টেম্বর বরিশালে যাওয়ার পথে ঝগড়ার এক পর্যায়ে বাবা মেয়েকে গলা টিপে হত্যা করেন বলে জানান এপিপি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

‎ভোলার চরফ্যাশন উপজেলায় মেয়েকে গলা টিপে হত্যার দায়ে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. হযরত আলী হিরণ।

দণ্ড পাওয়া মো. ফারুক হোসেন (৪৫) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার বরাতে এপিপি হিরণ বরেন, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর উপজেলার ফজলুর রহমান সড়কের পাশে অধ্যক্ষ দুলাল মিয়ার বাড়ির পেছনের বিল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ফারুক হোসেনের মেয়ে খাদিজা আক্তার খুকীর (২০) বলে শনাক্ত করে পুলিশ।

তিনি বলেন, ফারুক হোসেন তার বোনের বাড়ি বরিশালে যাওয়ার পথে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাগের মাথায় খাদিজাকে গলা টিপে হত্যা করে লাশ বিলে ফেলে দেন ফারুক। গ্রেপ্তারের পর ফারুক আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন।

স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

ন্যায়ের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষে আইনজীবী হযরত আলী হিরণ। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাইনুল ইসলাম নাবিল সরমান।