২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধের জেরে গাজীপুরে শ্রমিককে কুপিয়ে হত্যা

এলাকাবাসী জানায়, নারীঘটিত একটি ব্যাপার নিয়ে লিয়াকত ও খলিলুরের মধ্যে বিরোধ ছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 07:11 PM

Updated : 09 Dec 2023, 07:11 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাতে উপজেলার আজুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান।

নিহত খলিলুর রহমান (৫০) ওই এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে। তিনি সফিপুর এলাকার মালেক স্পিনিং কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় খলিলুর রহমানের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে এলাকার লিয়াকত হোসনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী জানায়, নারীঘটিত একটি ব্যাপার নিয়ে লিয়াকত ও খলিলুরের মধ্যে বিরোধ ছিল। তাদের মধ্যে ঝাগড়াও হয়েছে। এর মধ্যেই এই ঘটনা ঘটল। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে খলিলুর রহমান হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে লিয়াকত আহত করে। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খলিলুরের চিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়।  

খলিলুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ওসি আকবর আলী খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।