নওগাঁয় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি কারাগারে
চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় বলা হয়েছে।
নওগাঁর রাণীনগর উপজেলায় চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার আসামিকে নওগাঁর রাণীনগর আমলি আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল।
কারাগারে যাওয়া আব্দুর রাজ্জাক (৪০) উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার দুপুরে স্কুলে টিফিনের বিরতিতে বাড়িতে খেতে যায় সে। আবার স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, ঘটনার দুই দিন পর শিশুটি বিষয়টি স্বজনদের জানায়। বিষয়টি নিয়ে শুরুতে গ্রাম্য সালিশের মাধ্যমে আপোষের চেষ্টা হলে এলাকায় জানাজানি হয়। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন।
ভুক্তভোগী শিশুটিকে নওগাঁ সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জাকারিয়া মণ্ডল।
