০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জামালপুরে নদীতে নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধার, মৃত বেড়ে ৪

স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়।

জামালপুরে নদীতে নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধার, মৃত বেড়ে ৪
জামালপুরে নদীতে ডুবে মারা যাওয়া শিশুর স্বজনের আহাজারি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 02:32 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হল। এখনো নিখোঁজ এক শিশু। 

শনিবার সকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ির ঘাট এলাকায় নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন। 

কুলছুম নামের শিশুটি সরিষাবাড়ী উপজেলার ভাটারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজাদ মিয়ার মেয়ে। 

এর আগে শুক্রবার বিকালে আনার সরকারবাড়ীর ঘাটে গোসলে নেমে ডুবে যায় পাঁচ শিশু।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। 

তারা হল- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)। 

তখনও নিখোঁজ ছিল কুলছুম ও চরভাটিয়ানী গ্রামের হোসেন মিয়ার মেয়ে বৈশাখী (১২)।

পরে রাতের জন্য উদ্ধার তৎপরতা স্হগিত করা হয়  এবং শনিবার সকাল ১০টা থেকে পুনরায় তা শুরু করে ডুবুরি দল।

ঘটনার পর মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেছিলেন, শুক্রবার স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় কয়েকজন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে আরেকটি শিশু বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।

আগের সংবাদ

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২