২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সদর উপজেলার ভোট স্থগিত

পরবর্তী আদেশ না আসা পর্যন্ত প্রার্থীদের ভোটের প্রচারসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 08:18 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

আইনি জটিলতা থাকায় যশোর সদর উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে এ উপজেলার ভোট হওয়ার কথা ছিল ২৯ মে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

যশোরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর সদর উপজেলা পরিষদ ভোটে চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম উচ্চ আদালতে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন করেন। 

উচ্চ আদালত ১৩ মে এক আদেশে শাহারুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণসহ তাকে প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেন। ২০ মে আদালত ‘নো-অর্ডার’ আদেশ দেয়। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সব পদের ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে যশোর সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, “বিকালে নির্বাচন কমিশন থেকে চিঠি পেয়েছি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সকল প্রার্থীকে ভোটের প্রচারসহ সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

সদর উপজেলা নির্বাচন স্থগিত হলেও ২৯ মে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।