২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক টানতে রাঙামাটিতে পর্যটন মেলা

পর্যটকরা যাতে পার্বত্য চট্টগ্রামে এসে শান্তি পান এমন ব্যবস্থা করা হবে বলে জানান সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2024, 01:20 PM

Updated : 29 Mar 2024, 01:20 PM

পর্যটকদের আকৃষ্ট করতে হ্রদ-পাহাড়ে ঘেরা নৃ-গোষ্ঠী অধ্যুষিত রাঙামাটিতে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে পর্যটন মেলার।

বুধবার শহরের জিমনেসিয়াম মাঠে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, “পার্বত্য চট্টগ্রাম পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে পর্যটকদের আসার মত পরিবেশ তৈরি করতে হবে। যাতে অন্যান্য এলাকার চেয়ে তারা ভিন্ন পরিবেশ পান।

পার্বত্য চট্টগ্রামকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে সংসদ সদস্য আরও বলেন, “এখানকার অবকাঠামোর উন্নয়ন হবে, সড়কে ফুল ও গাছ থাকবে। পাহাড়ের উঁচুতে ভাস্কর্য, বাগান ও ক্যাবল কার থাকবে। যাতে পর্যটকরা পার্বত্য চট্টগ্রামে এসে শান্তি পান এমন ব্যবস্থা করা হবে।”

আয়োজকরা জানান, মেলায় ফ্যাশন হাউস, রেস্টুরেন্টসহ ৫৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এ মেলা উপভোগ করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পর্যটন দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক নিউচিং মারমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]