২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাবেক প্রতিমন্ত্রীসহ ৩৯ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

‘স্বৈরশাসন’ বহাল থাকায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে এতদিন মামলা করেননি বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 07:47 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

বরিশালে নির্বাচনি প্রচারণা থেকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারসহ ৩৯ বিরুদ্ধে নালিশি মামলা করেছেন যুবদল নেতা। 

রোববার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ মো. মশিউল আলম খান। 

হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী নালিশি অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মহানগর

পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী আরমান হোসেন জানান।  

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক পুলিশ কমিশনার রুহুল আমিন, রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক অজিয়র রহমান, উপ-পুলিশ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, বন্দর থানার সাবেক ওসি মো. মোস্তফা কামাল হায়দার, পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল আহম্মেদ, এসআই আব্দুল মালেক, কনস্টেবল ফয়জুল, এএসআই এরফান হোসেন মিদুল, সহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, রাসেল মিয়া, মোহাম্মদ মিলন বিশ্বাস ও মো. মেহেদি হাসান। 

এছাড়া অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী এমএ মালেক বলেন, আসামিদের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণা থেকে জেলা যুবদলের নেতাকে অপহরণ করে হত্যার চেষ্টায় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

নালিশিতে বলা হয়েছে, আসামিদের বেশির ভাগ পুলিশের ও প্রশাসনের উচ্চপদের কর্মকর্তা। তারা গত আওয়ামী লীগ সরকারের অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে শেখ হাসিনার পাতানো জাতীয় সংসদ নির্বাচনে সরকারি দলের মনোয়নপ্রাপ্ত প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করার হীন চক্রান্তে লিপ্ত হন। 

এতে আরও বলা হয়, মামলার প্রধান আসামি জাহিদ ফারুক শামীম ওই নির্বাচনে সরকার দলের প্রার্থী ছিলেন। প্রধান সাক্ষি মজিবর রহমান সরোয়ার ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী। 

আসামিরা বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত জানতে পেরে প্রচারণায় বাধা, কর্মীদের মারধর, হুমকি, মিথ্যা মামলায় গণগ্রেপ্তার করাসহ গুম করার মত প্রক্রিয়া শুরু করেন। 

নালিশিতে আরও বলা হয়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে লিফলেট বিতরণ করে বরিশাল নগরীতে সমাবেশে অংশ নিতে বিএনপির প্রার্থী সরোয়ারসহ নেতাকর্মীরা রওনা দেন। 

তারা সদর উপজেলার বিশ্বাসের হাট নদীর পাড়ে এসে পৌঁছলে প্রধান তিন আসামির পরিকল্পনা ও হুকুমে অন্য আসামিরা পুলিশের পোশাক পড়ে এসে তাদের দুই পাশ থেকে ঘিরে ধরে। প্রাণনাশের হুমকি দিয়ে নির্বাচনি প্রচারণা বন্ধ করার নির্দেশ দেন। 

বাদী বাধা দিলে আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে টেনে-হিঁচড়ে যুবদল নেতা মো. মশিউল আলম খানকে স্প্রিডবোট থেকে অপহরণ করেন। 

মামলার এজাহারে আরও বলা হয়েছে, পরে একটি বদ্ধ ঘরে নিয়ে তার কাছে অস্ত্র থাকার মিথ্যা স্বীকারোক্তি চায়। 

বাদী স্বীকারোক্তি দিতে না চাইলে পায়ের বুট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন আসামিরা। 

এছাড়া রাইফেলের বাট ও লাঠি দিয়ে আঘাত করে ‘ক্রস ফায়ারে’ হত্যা করে লাশ গুমের আলোচনা করেন। 

এ লক্ষ্যে তাকে নিয়ে বদ্ধ ঘর থেকে নিয়ে বের হলে আসামিরা জানতে পারেন, পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তখন তাকে বন্দর থানায় সোপর্দ করেন। পরে তাকে দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নালিশিতে বলা হয়েছে। 

‘স্বৈরশাসন’ বহাল থাকায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে এতদিন মামলা করেননি বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।