ফেইসবুকে ‘আপত্তিকর ছবি দিয়ে টাকা আদায়’, ২ গ্রেপ্তার
আসামিরা বিভিন্ন ফেইসবুক আইডি ও ম্যাসেঞ্জার হ্যাক করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন বলে পুলিশের ভাষ্য।
বরিশালে ফেইসবুকে পেইজে তরুণ-তরুণীর ‘আপত্তিকর’ ছবি দিয়ে টাকা আদায়েল অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানায় করা ডিজিটাল নিরপাত্তা আইনের একটি মামলায় এই দুই আসামিকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন বরিশাল নগরীর মেডিকেল কলেজ সড়কের শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা (২২) ও সিএন্ডবি ১ নম্বর পুলের বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন (২১)।
এরা Barishal BBQ নামের একটি ফেইসবুক পেজের এডমিন বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগীর হোসেন জানান।
পরিদর্শক ছগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, সোমবার নগরীর এক নারী ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বাদীর অভিযোগ, তার আপত্তিকর ছবি Barishal BBQ পেজে আপলোড করে তার কাছে ১২ হাজার টাকা চাঁদা নিয়েছেন আসামিরা।
ছগীর বলেন, কাওছার খলিফার কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস এবং মাশরাফির কাছ থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আসামিরা বিভিন্ন ফেইসবুক আইডি ও ম্যাসেঞ্জার হ্যাক করে মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে বলে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য।
তিনি আরও বলেন, “গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে Barishal BBQ নামের ফেইসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করত বলে প্রমাণ পাওয়া গেছে। এই পেইজের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পরিদর্শক ছগির হোসেন আরও জানান, মঙ্গলবার বিকালে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
ওই আদালতের সাধঅরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মাসুম বিল্লাহ দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর তাদের পুলিশ হেফাজতে নিয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর আসামিদের পরবর্তী হাজিরের দিন ধার্য করা হয়েছে বলে জানান জিআরও।
