২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন থেকে সরলেন সালথার চেয়ারম্যান প্রার্থী

স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে না চাওয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ বলছেন অহিদুজ্জামান অহিদ।

নির্বাচন থেকে সরলেন সালথার চেয়ারম্যান প্রার্থী
ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান অহিদ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 10:50 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আইনি লড়াইয়ে হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অহিদুজ্জামান অহিদ।

একইসঙ্গে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন এবং সংসদ সদস্যের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে না চাওয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ বলছেন অহিদ। 

ভোট গ্রহণের ৩৬ ঘণ্টা আগে রোববার বিকাল ৬টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান অহিদ।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বর। 

ভোট থেকে সরে যাওযার ঘোষণা দেওয়া হলেও আইনগতভাবে এর কোনো কার্যকারিতা নেই। কারণ, প্রতীক বরাদ্দের পর কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন না। প্রার্থীর নাম ও প্রতীক ব্যালট পেপারে থাকবে। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে সালথা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে অহিদুজ্জামান অহিদ ও মো. ওয়াদুদ মাতুব্বর মনোনয়ন দাখিল করেন।

২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করেও তিনি ব্যর্থ হন।

এরপর ওয়াদুদ মাতুব্বর প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে রিট আবেদন করেন। ১৩ মে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম ইনায়েতুর রহিম এক আদেশে ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার রায় দেন। 

পরে আদালতের নির্দেশনা পেয়ে উভয় প্রার্থীর চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অহিদুজ্জামান। কিন্তু রোববার সে আবেদন খারিজ করে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ।

এ রায়ের পরপরই বিকালে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অহিদুজ্জামান অহিদ।

সংবাদ সম্মেলনে সাবেক এই উপজেলা চেয়ারম্যান অভিযোগ করে বলেন, “উপজেলা নির্বাচনের আইন অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর পরিবারের কারো নামে উপজেলা পরিষদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো লাভজনক প্রতিষ্ঠান থাকা যাবে না। কিন্তু ওয়াদুদ চেয়ারম্যানের স্ত্রী রুমা আক্তারের রাতুল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। 

“ওয়াদুদ মাতুব্বরের মেয়াদকালীন উনার স্ত্রীর লাইসেন্সে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে উপজেলার উন্নয়ন তহবিল, এডিবি এবং রাজস্ব তহবিলের অনেকগুলো প্রকল্পের কাজ করেছেন। যার কারণে উনার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

অহিদ আরও বলেন, “এরপর জেলা প্রশাসকের কাছে আপিল করলেও অভিযোগের সত্যতা পেয়ে তার মনোনয়ন বাতিল করে দেন। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের তারিখ পর্যন্ত উনি কোনো পদক্ষেপ নেননি। 

“পরে ১ মে আমাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এরপরই উনি হাই কোর্টে আপিল করলে, সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আমি তার বিরুদ্ধে আইনি লড়াই করেছিলাম।”

নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে তিনি বলেন, “৬ তারিখে চেম্বার আদালতে ওয়াদুদ মাতুব্বর রায় পাওয়ার পর উনার কর্মী-সমর্থকরা এলাকায় যেভাবে ভীতি প্রদর্শন করেছেন, তাতে আমার নেতা-কর্মীরা এলাকায় নির্বাচন করতে ভয় পাচ্ছেন, তারা ভীতি-সন্ত্রস্ত্র। “

এলাকার সংঘাত এড়াতে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, “আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, আমি যদি নির্বাচন করতে যাই তাহলে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যেকোনো সময় আমার ওপর বড় ধরনের আক্রমণ হতে পারে। 

“বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আমি নিজেকে এবং নেতাকর্মীদের নিরাপদে রাখার জন্য নির্বাচন বয়কট করছি এবং সরে দাঁড়াচ্ছি।”

এ সময় স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরে অহিদ বলেন, “এমপি সাহেব ওয়াদুদ মাতুব্বরের পক্ষে কাজ করতেছেন। তার আইনি লড়াইয়েও কাজ করেছেন এবং নেতাকর্মীদের নিয়ে নিজে কাজ করে যাচ্ছেন। আমি এমপি সাহেবের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এটিই অন্যতম কারণ।” 

এ বিষয়ে এখনও কোনো লিখিত আবেদন পাননি জানিয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াসিন কবীর বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্নের জন্য বিধি অনুযায়ী যা করার তার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। কোনো প্রার্থী যদি সরে দাঁড়ান তবে সেটি তার নিজস্ব ব্যাপার।”  

এ বিষয়ে জানতে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা যায়নি। 

ভোটের ৬ দিন আগে ফরিদপুরে ২ চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক

ওয়াদুদের প্রার্থিতা বহাল, সালথা উপজেলার ভোটে বাধা নেই