২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মোবাইল ও টাকা লুটের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

পুলিশ সুপার জানান, তদন্ত শেষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে মোবাইল ও টাকা লুটের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
এসআই দ্বীন মোহাম্মদ (বাঁয়ে) এবং এএসআই আব্দুল হাকিম।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2024, 04:48 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দোকানে ঢুকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুট করার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন এ তথ্য জানান। 

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- মাধবপুর থানায় কর্মরত এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম।

পুলিশ সুপার আক্তার বলেন, “ওই দুজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে আলী আহমদ আলতাফের ‘জান্নাত টেলিকম’ থেকে ১৭টি মোবাইল ফোন ও এক লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ ওঠে। 

“তদন্তের প্রাথমিক পর্যায়ে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

এসপি বলেন, “এসআই দ্বীন মোহাম্মদ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগে এক হাজার ৪০০ জনের নামে দায়ের করা মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা।”  

তদন্ত শেষে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, “পুলিশের কাছে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আসেনি। মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুজনকে প্রত্যাহার করা হয়েছে।”