জানুয়ারির দলবদলে স্ট্রাইকার না পেয়ে হতাশ আর্সেনাল কোচ
এই বাস্তবতা মেনে নিয়ে সামনের চ্যালেঞ্জ জয়ের পথে ছুটতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
দলবদলের বাজারে এমনিতে কখনোই খুব সক্রিয় নয় আর্সেনাল। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলে নতুন মুখ যোগ করতে মরিয়া ছিল ক্লাবটি। অন্তত একজন স্ট্রাইকার তাদের খুবই জরুরি। কিন্তু শেষ পর্যন্ত কাউকে নিতে পারেনি তারা। কোচ মিকেল আর্তেতা হতাশ হয়ে বলছেন, নিজেদের ধরনের সঙ্গে মানানসই কাউকে তারা খুঁজে পাননি।
একজন স্ট্রাইকার আর্সেনালের জন্য আব্যশক হয়ে উঠেছে মূলত চোট সমস্যার কারণে। বুকায়ো সাকা ও গাব্রিয়েল জেসুস মাঠের বাইরে ছিটকে পড়েছেন লম্বা সময়ের জন্য। অ্যাস্টন ভিলা থেকে অলি ওয়াটকিন্সকে পেতে ৪ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু সেখানেও প্রত্যাখ্যাত হতে হয়েছে।
আর্তেতা জানালেন, নিজেদের ঘরানার সঙ্গে তারা আপোস করতে চাননি। সেখানেই উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
“আমাদের একটা পরিষ্কার ইচ্ছে ছিল, যেটা জানা কথাই। উইন্ডো খোলা ছিল এবং প্রভাব রাখার মতো কোনো ফুটবলার দলে যোগ করে আমাদের স্কোয়াড আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। সেদিক থেকে আমরা অবশ্যই হতাশ।”
“তবে আমরা এখানেও খুব সচেতন যে, শুধু নির্দিষ্ট ঘরানার ফুটবলারদেরই আমরা আনতে চাই। এই জায়গায় আমাদেরকে শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে এবং আমরা তা ছিলাম। বিস্তারিত কিছু আমি বলতে চাই না। তবে সুনির্দিষ্ট কিছু কারণেই আমরা এটা করতে পারিনি এবং সেটা মেনে নিতে হবে। ব্যস। অনেক কিছু মিলিয়েই এটা হয়নি।”
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন দুই নম্বরে আছে আর্সেনাল। যদিও এক ম্যাচ বেশি খেলেই শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ছয় পয়েন্ট পেছনে তারা আছে। তারপরও শিরোপা লড়াইয়ে জিইয়ে আছে তাদের আশা। অন্যান্য প্রতিযোগিতা তো আছেই।
এই অবস্থায় কোনো স্ট্রাইকারকে দলে যোগ না করে তারা জুয়া খেলল কি না, এই প্রশ্ন উঠছে। তবে আর্তেতার মতে, এই বাস্তবতার সঙ্গেই তারা অভ্যস্ত।
“এটা কোনো বাজি নয়, এটা বাস্তবতা। এই বাস্তবতার মুখোমুখি হতেই হবে আমাদের। আমাদের যে ফুটবলাররা আছে, ওদের নিয়েই করতে হবে। কেউ কেউ ধারে অন্য ক্লাবে আছে। আমাদের কখনোই ৩৫ বা ৪০ কিংবা ৪৫ জনের স্কোয়াড ছিল না। অন্য অনেক ক্লাবেরই ৪৫ জনের স্কোয়াড আছে। আমাদের দল অত বিশাল নয়। এটাই আমাদের বাস্তবতা।”
লিগ কাপের দ্বিতীয় লেগের লড়াইয়ে বুধবার নিউ ক্যাসলের বিপক্ষে লড়বে আর্সেনাল। প্রথম লিগে আর্তেতার দল পিছিয়ে আছে ২-০ গোলে।
