কিশোরগঞ্জ-১: বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
এতে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং চৌরাস্তার চারদিকে যানজটের সৃষ্টি হয়।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বঞ্চিত পাঁচ নেতার সমর্থকরা।
রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলা বিন্নাটি চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি হয়। এতে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং চৌরাস্তার চারদিকে যানজটের সৃষ্টি হয়।
বঞ্চিত পাঁচ প্রার্থী হচ্ছেন- সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, এখানে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাতে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত প্রকৃত ত্যাগী নেতাদের মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। তাই অবিলম্বে প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত পাঁচ নেতার উদ্যোগে এর আগে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
এই পাঁচজনের বাইরেও মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী। তিনিও মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ করে যাচ্ছেন।
