গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গ্রেপ্তার
নির্দেশনা অনুযায়ী মামলার নথিপত্রসহ আদালতে হাজির না হওয়ার কারণে সাজা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন।
চিকিৎসক ফারুক আহমেদ আদালত অবমাননার দায়ে পাঁচ দিনের সাজাপ্রাপ্ত আসামি।
ওসি মীর সাজেদুর রহমান বলেন, চিকিৎসক ফারুক আহমেদকে একটি মামলার নথিপত্রসহ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। একাধিকবার নির্দেশ দেওয়ার পরও হাজির না হওয়ায় তাকে পাঁচ দিনের বিনাশ্রম সাজা দেয় ওই আদালত।
তখন তার বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে রাতে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মীর সাজেদুর রহমান।
