ভোলায় বিএনপির দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। এর মধ্যে আল-আমীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিক দলনেতা ইকবাল হোসেন লিটনের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এ থেকেই সংঘর্ষের শুরু হয়।
অন্যদিকে, যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, লিটন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
তজুমদ্দিন থানার ওসি আব্দুস সালাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
