২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জমি লিখে নিয়ে মাকে বাড়িছাড়া করার অভিযোগ

রইমন নেসার ঘরে কোনো সন্তানের জন্ম হয়নি, তাই সৎ ছেলে-মেয়েদের নিয়েই ছিল তার সংসার।

গাজীপুরে জমি লিখে নিয়ে মাকে বাড়িছাড়া করার অভিযোগ

বৃদ্ধা রইমন নেসা

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2022, 06:46 PM

Updated : 03 Oct 2022, 09:21 PM

স্বামী আনসার আলীর প্রথম সংসারের ছেলে ও তিন মেয়েকে নিজের সন্তানের মতোই গভীর মমতায় বড় করেছেন দ্বিতীয় স্ত্রী রইমন নেসা। কিন্ত বৃদ্ধ বয়সে এসে সেই ছেলেরই নির্মমতার শিকার হলেন তিনি।

অভিযোগ উঠেছে, বৃদ্ধ বয়সে দেখভাল করার আশ্বাসে স্বামীর রেখে যাওয়া জমি নিজেদের নামে লিখে নিয়ে ৭৫ বছরের এই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার সৎ ছেলে ও নাতি।

এমনকি যে প্রতিবেশীরা রইমনকে আশ্রয় দিয়েছিল, তাদের হুমকি দেওয়ায় প্রতিবেশীরাও তাকে ঠাঁই দিচ্ছেন না।

এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে। এ গ্রামে স্ত্রী, ছেলে ও তিন মেয়ে নিয়ে ছিল আনসার আলীর সংসার। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রইমন নেসাকে বিয়ে করেন আনসার। দীর্ঘদিন সংসার করার পরও রইমন নেসার ঘরে কোনো সন্তানের জন্ম হয়নি। তাই সৎ ছেলে-মেয়েদের নিয়েই ছিল রইমনের সংসার।

Image

রইমন নেসার নাতি মোস্তফা কামাল

১৫ বছর আগে তার স্বামী আনসার মারা যান। এরপর স্বামীর রেখে যাওয়া সম্পদই ছিল তার শেষ ভরসা। কিন্তু বৃদ্ধ বয়সে দেখভাল করার আশ্বাস দিয়ে সেই জমি তার সৎ ছেলে আফাজ উদ্দিন (৭২) ও নাতি মোস্তফা কামাল (৫০) নিজেদের নামে লিখে নিয়েছেন। কিন্তু এখন দেখভাল তো দূরের কথা ছয় মাস আগে তারা এই বিধবাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেন।

ভুক্তভোগী রইমন নেসা বলেন, তার তরুণ বয়সে স্বামী যখন তাকে বিয়ে করে বাড়িতে আনেন তখন ওই সন্তানরা ছিল অনেক ছোট। তিনি নিঃসন্তান হওয়ায় আগের ঘরের চার জনকে নিজ সন্তানের মতই বড় করেছেন। কিন্তু শেষ বয়সে তার সঙ্গে এমন আচরণ করবে তা তিনি ভাবতেও পারেননি।

রোববার রাতে বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের সাহিদের দোকানের সামনে কথা হয় রইমনের সঙ্গে, এ সময় তিনি নির্বাক হয়ে পড়েন, চোখ থেকে তার অঝোরে পানি ঝরছিল।

তিনি আরও জানান, সৎ ছেলে ও নাতি বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি এখন বিভিন্ন জনের বাড়িতে রাতযাপন করেন। যখন যে যেখানে খাওয়ায় সেখানে খান; এভাবে অন্যের ঘরে খাওয়া-দাওয়া করে দিন কাটাচ্ছেন।

Image

নিজের দুর্ভোগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রইমন নেসা

সাংবাদিক আসার খবরে সেখানে ভিড় জমান বেশ কয়েকজন গ্রামবাসী। তারা জানান, স্থানীয়রা দীর্ঘদিন ধরে বাবা-ছেলের ‘অমানুষিক’ কর্মকাণ্ড দেখলেও তাদের কাছে অসহায় তারা।

স্থানীয় ইসমাইল জানান, সম্প্রতি রইমনকে বৃদ্ধাশ্রমে পাঠানোর উদ্যোগ নেন সৎ ছেলে আফাজ। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানায়, বৃদ্ধাশ্রমে থাকতে হলে কোভিড সনদ থাকতে হবে। শনিবার এক নাতনি শারজিন ‘কোভিড ভ্যাকসিনের টিকা’ দেওয়ার কথা বলে রিকশায় দাদিকে নিয়ে বাড়ি থেকে বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।

তিনি বলেন, “টিকা দেওয়ার কথা বলে রইমনকে অন্য কোথাও ছেড়ে আসতে পারে তারা। তাই আমরা বাধা দিয়েছি। এ নিয়ে ছেলে আফাজের সঙ্গে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়েছে স্থানীয়দের।”

সৎ ছেলে বাড়ি থেকে বের করে দেওয়ার পর কিছুদিন পার্শ্ববর্তী সাহেরা খাতুনের আশ্রয়ে ছিলেন রইমন।

সাহেরা খাতুন বলেন, “আমার স্বামী নাই, তাই রইমন খালাকে নিয়ে থাকতে চেয়েছিলাম, সেখানেও তার ছেলে-নাতি তাকে আশ্রয় না দিতে নানা ধরনের পরামর্শ দিত। খালাকে আশ্রয় দেওয়ার কারণে প্রায় তার সৎ ছেলের পরিবারের লোকজন নানা ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলত।”

এ বিষয়ে চেষ্টা করেও রইমনের সৎ ছেলে আফাজ উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাতি মোস্তফা কামাল বলেন, “দাদি তার জমি আমাকে লিখে দিলেও বাবা আমাকে জমির দখল দেয় না। দাদিও আমাকে ওই জমির দখল বুঝিয়ে দেয় না।

“এ নিয়ে দাদির সঙ্গে দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে বিরোধ চলছে। এর জেরেই দাদিকে বাবা বাড়ি থেকে বের করে দেয়।”

বরমী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

তবে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন মাস্টার বলেন, “জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াবিবাদ হতো। আমি ইউপি সদস্য থাকার সময় বিষয়টি একাধিকবার সমাধান করেছিলাম। এখন কী অবস্থায় আছে তা আমার জানা নেই।”

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “বিষয়টি কেউ আমাকে জানায়নি। আমি খোঁজ-খবর নিয়ে রইমনকে সার্বিক সহযোগিতা করব।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, “জমি লিখে নিয়ে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়া খুবই অমানবিক। বিষয়টি আমার জানা ছিল না। আমি বিষয়টি জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

পাশাপাশি বৃদ্ধাকে সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করারও আশ্বাস দেন ইউএনও।