কক্সবাজার সৈকতে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ
মৃতদেহটি পর্যটকের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
কক্সবাজারের রামু উপজেলায় সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজানুর রহমান।
ওই যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বলে জানিয়েছে পুলিশ।
ওসি মিজানুর রহমান বলেন, দরিয়ানগর পয়েন্টে সমুদ্র সৈকতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পোষাক দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনো পর্যটকের মৃতদেহ হতে পারে।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানান।
