সরকারি গুদামে সাড়ে ১৯ লাখ টন চাল মজুদ: খাদ্যমন্ত্রী
১ সেপ্টেম্বর থেকে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে।
দেশে চালের কোনো অভাব নেই এবং সরকারি গুদামে প্রায় ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার নওগাঁয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইতোমধ্যে চালের বাজার কমতে শুরু করেছে। তবুও ভোক্তাদের স্বস্তি দিতে এবং চালের বাজার নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে।
“ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হলে চালের দাম আরও কমবে।”
‘সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ’ উপলক্ষে বেলা ১১টায় তিনি নওগাঁ সার্কিট হাউসে এই প্রেস ব্রিফিং করেন।
সারাদেশে ওএমএসের মাধ্যমে দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে দুই টন ও প্রতিটি ট্রাক সেলে সাড়ে তিন মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে বলেও জানান তিনি।
সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে, যে কার্যক্রম তিন মাস চলমান থাকবে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে স্মার্ট কার্ড তৈরি করা হবে। ইতোমধ্যে ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে স্মার্ট কার্ড দেওয়া হবে। এতে আর কেউ অবৈধ উপায় অবলম্বন করতে পারবে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, “কেউ যেন একাধিকবার চাল নিতে না পারে সেদিকে কঠোর নজর রাখা হবে। টিসিবির কার্ডধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। কার্ডধারী ছাড়া যারা চাল নিতে যাবে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। সেটার উপর তারিখ ও সিল দেওয়া থাকবে। যেন কেউ বার বার চাল নিয়ে বাজারে বিক্রি করতে না পারে।”
সারাবিশ্বেই তেলের দাম বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশ মূলত আমদানিনির্ভর দেশ। এটা অস্বীকার করার কিছু নেই। সারাবিশ্বের সব ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। জাহাজের ভাড়াও পাঁচ থেকে সাত গুণ বেড়েছে। এর ফলে সমন্বয় করতে গিয়ে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।”
তেলের দাম যে পরিমাণ বেড়েছে দ্রব্যমূল্য তার চেয়ে কয়েকগুণ বেশি বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখানে আমাদের কষ্টের কথা। ভোক্তাদের কষ্টের কথা। যাদের দেশের প্রতি ভালোবাসা নেই এবং অসৎ ব্যবসায়ী তারাই এ কাজটা করছে। এইটা নিয়ন্ত্রণে আমরা বাজার মনিটরিং করছি। যেখানে মজুদ পাচ্ছি জরিমানা করছি।”
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, খাদ্যমন্ত্রীর একান্ত (উপসচিব) সচিব মো. শহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির উপস্থিত ছিলেন।
