ক্রেন উল্টে রেলপথে: আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চালু
উদ্ধারকারী দল গিয়ে ক্রেনটি রেলপথ থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।
গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় রেললাইনে ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ পথে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে রেলপথ থেকে ক্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
হারুন বলেন, সাতখামাইর রেলস্টেশনে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড করার সময় ক্রেনটি উল্টে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়। তারা দীর্ঘ সময় কাজ করার পর ক্রেনটি রেলপথ থেকে সরাতে সক্ষম হয়।
ট্রেন চালুর পর শ্রীপুর স্টেশনে আটকা পড়া ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস, কাওরাইদ রেলস্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেন ও রাজেন্দ্রপুর রেলস্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস গন্তব্যে ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার।
