ময়মনসিংহে নির্বাচনি ক্যাম্প স্থাপন নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আওয়ামী লীগ কর্মীর
রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে ছোট ভাই ও ভাতিজাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন।
নিহত রফিকুল ইসলাম (৫২) ওই ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
চর সিরতা ইউপির চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, “কোনাপাড়া হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতিকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল।
“এই ক্যাম্প তৈরি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজুর (২৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।
“এ সময় রফিকুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
রফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন বলে জানান এই জনপ্রতিনিধি।
ওসি মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, নাকের একটু উপরে বামপাশে কাটা জখমের চিহ্ন রয়েছে।
“রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই-ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে। এছাড়া তিনি হৃদরোগের রোগী ছিলেন, আগে দুবার স্ট্রোক করেছিলেন। ”
ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
