২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি, নিচু এলাকা প্লাবিত

এ মৌসুমে জেলায় বৃষ্টিপাত গত বছরের তুলনায় কম হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 04:06 PM

Updated : 11 Sep 2022, 04:12 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে; এতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশ কিছু নিচু এলাকা।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে শহরের খানজাহান আলী সড়ক, রাহাতের মোড়, বাসাবাটি ও মেইনরোডের প্রধান ডাকঘর সড়কসহ বিভিন্ন এলাকা ইতোমধ্যে তলিয়ে গেছে। তবে বৃষ্টিতে চলতি রোপা আমন ধানের দারুণ উপকার হচ্ছে দাবি কৃষি বিভাগের।

বাগেরহাট কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাট জেলাজুড়ে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আগামী অন্তত সাতদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছে।

“জেলায় ইতোমধ্যে ৮৩ ভাগ জমিতে রোপা আমন ধান রোপন শেষ হয়েছে। বাগেরহাট জেলায় চলতি মৌসুমে ৭৪ হাজার ৪২৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বৃষ্টিতে চলতি রোপা আমন ধানের দারুণ উপকার হচ্ছে।” বলেন তিনি

তবে এ মৌসুমে বৃষ্টিপাত গত বছরের তিন ভাগের এক ভাগ হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।

তিনি বলেন, “গত বছরের জুন জুলাই ও অগাস্ট মাসে বাগেরহাটে অন্তত সাড়ে সাতশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো। আর এ বছর এখন পর্যন্ত মাত্র আড়াইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা হচ্ছে।

শহরের রাহাতের মোড় এলাকার ব্যবসায়ী সঙ্কর রায় বলেন, “পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।”

তবে এ সমস্য সমাধানে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমার জানান।