১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ড, হাসপাতালজুড়ে আতঙ্ক

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 09:21 AM

Updated : 11 Sep 2026, 03:18 PM

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

বুধবার ভোর ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সর্দার জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়লে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও তাদের স্বজনরা শয্যা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। 

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। 

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে কর্মচারীরা বলছেন, হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে আগুনের সূত্রপাত হয়, তখন কক্ষটি তালাবন্ধ ছিল।