আদালতের নির্দেশ উপেক্ষা: গাজীপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ
শ্রম আদালত এক মাসের বেতন ও ঈদ বোনাস ২২ অক্টোবরের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়।
বেতন-বোনাস পাওয়ার ব্যাপারে শ্রম আদালতের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় গাজীপুর মহানগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।
রোববার বিকাল থেকে জয়দেবপুর-চৌরাস্তা সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করে মহানগরীর লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড নামের শ্রমিকরা। এতে ওই সড়কে এক ঘণ্টার বেশি যানচলাচল ব্যাহত হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এএসআই মো. এমদাদুল হক সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বেতন ও ঈদের বোনাস নিতে শ্রমিকরা সকাল থেকেই কারখানার সামনে ছিলেন। টাকা না পেয়ে বিকাল সোয়া ৫টায় তারা অবরোধ করে।
“পরে সন্ধ্যার দিকে তাদের বুঝিয়ে ওই সড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ছয়টার দিকে যান চলাচল শুরু হয়।”
বিক্ষোভকারী শ্রমিক রাশিদা বেগম, রোজিনা আক্তার ও কোয়ালিটি পরিদর্শক মো. মোমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন ও ঈদ বোনাসের টাকা পরিশোধ না করেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি।
পরে শ্রমিকরা শ্রম আদালতের দ্বারস্থ হন। আদালত এক মাসের বেতন ও ঈদ বোনাস ২২ অক্টোবরের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়। কিন্তু এদিন শ্রমিকরা বকেয়ার জন্য গিয়ে কারখানা কর্তৃপক্ষের কাউকে পায়নি। দিনভর অপেক্ষা করেও কোনো সাড়া না পেয়ে বিকেলে তারা কারখানার সামনের সড়কে অবস্থান নেয়।
গাজীপুর সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তারা কারখানার আশপাশে অবস্থান করছেন।”
