অর্থ আত্মসাৎ: পবা ভূমি অফিসের সাবেক ক্যাশিয়ারের নামে দুদকের মামলা
সরকারি চালান জাল করে রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেছেন তিনি।
রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের সাবেক এক ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রোববার দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমির হোসাইন এ মামলা করেন।
আসামি কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার। তার বাড়ি রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লায়।
মামলার বিবরণে বলা হয়েছে, পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকার সময় কাজেম আলী ডিসিআরের মাধ্যমে আদায় করা রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অংক বিকৃত করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও সরকারি চালান জালের মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেছেন।
কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভূমি অফিসের নাজিম কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআর খাত থেকে মোট ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। যার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা তিনি সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাত করেছেন বলে প্রমাণ মিলেছে।
প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় এই বিপুল অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসে জানিয়ে সহকারি পরিচালক আমির হোসাইন বলেন, এ বিষয়ে প্রাথমিক অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। সেখানেও বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়।
“এর পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে কাজেম আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭ (এ) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।”
এর আগে অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হলে কাজেম আলীকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। সম্প্রতি কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গিয়েছেন।
