২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী কারাগারে

একদিন আগে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী কারাগারে
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 02:17 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী সদর আমলি আদালতে কেরাম‌ত আলীর জামিন আবেদন করা হলে বিচারক মো. তাম‌জিদ আহ‌মেদ তা নামঞ্জুর করে কারাগারের পাঠানোর আদেশ দেন ব‌লে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক।

এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

মামলার বরা‌তে পিপি আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের ৩০ অগাস্ট রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকেও আসামি করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের বড়পুল মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করা হয়।

সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশে বোমা ও গুলির ঘটনা ঘটে। এতে অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন; যাদের হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়।

পিপি আব্দুর রাজ্জাক ব‌লেন, মামলায় কাজী কেরামত আলী হুকুমের আসামি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

কাজী কেরামত আলী রাজবাড়ী-১ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এক সময় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।