২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তেল পাচারের চেষ্টা, ৫০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৫

গ্রেপ্তাররা অধিক মুনাফার আশায় ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 06:45 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

কুমিল্লার বুড়িচং উপজেলায় জ্বালানি তেল পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০০ লিটার ডিজেল, পিকআপ ও একটি জেনারেটর জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজার এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ফিলিং করপোরেশনের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান।

শুক্রবার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- নিহার বড়াল, রাকিব হোসেন, মো. নুর উদ্দিন, মো. ইসমাইল হোসেন এবং রতন চন্দ্র দাস। তাদের মধ্যে রতন ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন।

দেবপুর ফাঁড়ি ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল, এমন তথ্যের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরা বাজার এলাকায় অবস্থান নেন।

অভিযানে একটি নীল রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে সংরক্ষিত প্রায় ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়। জব্দ করা ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পুরাতন সাকুরা ব্র্যান্ডের জেনারেটর ও তেল পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয় বলে জানান সুরেজিত বড়ুয়া।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অধিক মুনাফার আশায় ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা করছিলেন বলে স্বীকার করেছেন।

দেবপুর ফাঁড়ি ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। জব্দ করা ডিজেল ও অন্য মালামাল থানায় সংরক্ষণ আছে।