২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে নিখোঁজ বগুড়ার রিংকুর সন্ধান পাওয়া গেছে

গোলাম সাঈদ রিংকু তুরস্কের খাহরামানমারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফির শিক্ষার্থী।

তুরস্কে নিখোঁজ বগুড়ার রিংকুর সন্ধান পাওয়া গেছে

গোলাম সাঈদ রিংকু

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 11:50 PM

Updated : 07 Feb 2023, 11:49 PM

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাঈদ রিংকুর খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন তার স্বজনরা।

রিংকুর ছোট ভাই গোলাম রসুল রিফাত মঙ্গলবার রাতে জানান, তুরস্কে বসবাসকারী স্বজনদের কাছে জেনেছেন তার ভাই বেঁচে আছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।  

দুটি বড় ধরনের ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মানুষজনকে ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ১০টি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্যতম হচ্ছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসের আজাজ শহর। এই শহরে বাংলাদেশের শিক্ষার্থী নূরে আলম ও রিংকু থাকতেন। তারা যে ভবনে বাস করতেন সেটিও বিধ্বস্ত হয়েছে। নূরে আলম বিধ্বস্ত ভবন থেকে বের হতে পারলেও রিংকুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। নূরে আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আট বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়তে তুরস্কে যান বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামের গোলাম রব্বানীর ছেলে রিংকু। সেখানে ভর্তি হন তুরস্কের খাহরামানমারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি নিয়ে পড়ছেন।

রিংকুর বড় বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ২০১৫ সালে তুরস্কে যান রিংকু। এরপর ২০১৭ সালে এসেছিলেন একবার। করোনার কারণে এখনও অনার্স শেষ হয়নি। আর কিছু দিনের মধ্যে শেষ হওয়ার কথা।