নাশকতার চেষ্টা: মেহেরপুরে বিএনপির ১১ নেতাকর্মী আটক
“বিএনপির প্রায় দেড়শত নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তারপরও কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।”
হরতাল-অবরোধের নামে নাশকতার চেষ্টার অভিযোগে মেহেরপুর জেলা বিএনপির ১১ নেতাকর্মীকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, রোববার সকালে গাংনী উপজেলার বামুন্দী এলাকা থেকে দশজন ও সদর উপজেলা থেকে একজনকে আটক করেন তারা।
আটকরা হলেন-মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল (৫৫), সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো (৫৪), সদর উপজেলার পৌর বিএনপির সহ-সভাপতি আবু
ইউসুফ মিরণ, গাংনী উপজেলা বিএনপির মহিদুর রহমান, বশির আহমেদ, রফিকুল ইসলাম, আবু তাহের, শরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, নাহারুল ইসলাম ও হাবিবুর রহমান।
ওসি সাইফুল বলেন, “মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী-অলিনগর সড়কে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছে খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে বিএনপির দুই নেতাসহ ১১ জনকে আটক করা হয়।”
হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছিল বলে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসান খানের ভাষ্য।
তিনি বলেন, “কয়েকজনকে আটক করা হলেও কয়েকজন পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আসামিদের আদালতে পাঠানো হবে।”
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আমজাদ হোসেন বলেন, “আমি নিজেও আটক হয়ে জেলে ছিলাম। বিএনপি নেতাকর্মীরা পুলিশের গ্রেপ্তার আতঙ্কে তীব্র শীতের মধ্যে প্রায় মাসব্যাপী ঘরছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি হানা দিয়ে এই সব নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।”
মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ মাসুদ অরুণসহ পুলিশী ভয়ে জেলার প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মী এখনও পালিয়ে বেড়াচ্ছে বলেও জানান তিনি।
আমজাল আরও বলেন, “এখনও প্রায় দেড়শত নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তারপরও বিএনপি কর্মীরা রাস্তায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।”
