১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

অতিরিক্ত মহাপরিদর্শক মো. খাইরুল আলম বলেন, “মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।”

কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার
কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে অব্যাহত ডাকাতির মধ্যেই হাইওয়ে পুলিশের এক ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  

শনিবার সন্ধ্যায় কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মো. খাইরুল আলম সাংবাদিকদের বলেন, মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। 

“মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।”

পুলিশ জানায়, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে দুই মাসে চারটি ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে লুট হয়। 

৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলি বর্ষণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী। 

২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার এলাকায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। 

শনিবার একই জায়গায় মালেশিয়ান প্রবাসী বেলাল হোসেনের প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে।