রংপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নিহতদের ছেলে বলেন, তার বাবার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তার সামনে যেতে সাহস পাচ্ছিল না, তারা ৯৯৯ নম্বরে কল দেন।
রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক ব্যক্তি।
শুক্রবার রাতে উপজেলার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর ড্রাইভারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মণ্ডল।
গলায় ফাঁস দেওয়া রবীন্দ্রনাথ (৫০) ড্রাইভারপাড়া গ্রামের গৌরাঙ্গ চরণের ছেলে। তার স্ত্রী শুভা রাণী (৪৪)।
এ সময় বৌদিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রবীন্দ্রনাথের ছোট ভাই চেতনা চন্দ্র।
পরিবারের সদস্যদের বরাতে পরিদর্শক ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জেরে মানসিক রোগী রবীন্দ্রনাথের সঙ্গে তার স্ত্রী শুভা রাণীর ঝগড়া লাগে।
এক পর্যায়ে রবীন্দ্রনাথ ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। তাদের ঝগড়া ও চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন।
এ সময় রবীন্দ্রনাথের হাতে ধারালো ছুরি দেখে ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। তবে বৌদিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর জখম হন চেতনা চন্দ্র।
পরে এলাকাবাসী শুভা রাণী ও চেতনা চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে শুভা রাণীর মৃত্যু হয়। আহত চেতনা চন্দ্র চিকিৎসাধীন।
এদিকে, এ ঘটনার পর ভোর রাতেই বাড়ির গোয়াল ঘরে ঢুকে দরজা আটকে গলায় ফাঁস দেন রবীন্দ্রনাথ।
নিহতদের ছেলে উজ্জ্বল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা দুই-তিন বছর ধরেই মানসিক রোগে ভুগছিলেন। মাঝে মধ্যেই এরকম করতেন।
এর মধ্যে রাতে হঠাৎ মাকে ধারালো দা-ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
“মাকে বাঁচাতে গিয়ে আমার কাকাসহ আরও কয়েকজন আহত হয়েছেন। ওই অবস্থায় বাবা গোয়াল ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।”
বাবা-মা হারানো উজ্জ্বল আরও বলেন, “বাবাকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা রাতেই ৯৯৯ নম্বরে ফোন করেছিলাম। বাবার হাতে ধারালো অস্ত্র থাকায় আমরা তার সামনে কেউ যেতে সাহস পাইনি। “
খবর পেয়ে শনিবার ভোর ৭টার দিকে কাউনিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “খবর শুনে আমরা সকালেই ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।”
