Published : 27 Mar 2026, 07:03 PM
খাগড়াছড়ির দীঘিনালা পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু-নিচু পিচঢালা সড়ক। যে পথে সাধারণত প্রাইভেট কার বা মাইক্রোবাস দাপিয়ে বেড়ায়, সেখানে দেখা গেল এক সারিতে বেশ কয়েকটি ইজিবাইক।
ফুল দিয়ে সাজানো একটি ইজিবাইকের ভেতরে বসে আছেন বর মো. শাহিন আলম। তেলের সংকটের মুখে শুক্রবার দুপুরে বাধ্য হয়েই ইজিবাইকে চড়ে ২৫ কিলোমিটার দূরের কনের বাড়িতে বিয়ে করতে রওনা দেন তিনি।
দীঘিনালার চৌরাস্তায় কথা হয় বর শাহিন আলমের সঙ্গে। বিয়ের সাজে একটি ইজিবাইকে বসে রয়েছেন তিনি। পাশে রয়েছেন তার আত্মীয়স্বজন।
শাহিনের বাড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যম বেতছড়ি এলাকায়। বিয়ে করতে যাচ্ছেন জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায়।
শাহিন বলছিলেন, বরযাত্রীদের নিয়ে অটোরিকশায় যাচ্ছেন। কয়েকজন স্বজন মোটরসাইকেলে সহযাত্রী হচ্ছেন। মূলত তেলের সংকটের কারণে গাড়ি না পাওয়ায় বাধ্য হয়ে এই ব্যবস্থা নিতে হয়েছে।
তিনি বলেন, “ইজিবাইকটিতে অটোগিয়ার থাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি পথে চলাচলে কোনো সমস্যা হবে না।”
পরে পর্যায়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কনে বাড়ির উদ্দেশে রওনা দেন বরযাত্রীরা।
স্থানীয়রা বলছেন, দীর্ঘ সময় ধরে তেলের সংকটের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন করতে বাধ্য হয়ে প্রচলিত গাড়ির বদলে টমটম বেছে নিয়েছেন বর।
দীঘিনালা চৌরাস্তার বাসিন্দা বিটু দেবনাথ বলেন, “জ্বালানি তেলের সংকট চলছে, তার মধ্যে বিয়ে। এটি একটি ভালো বুদ্ধি। ইজিবাইক ব্যাটারি চালিত হওয়ায় তেলের কোনো প্রয়োজন নেই। এটি সত্যিই চমৎকার সমাধান।”