Published : 22 Nov 2025, 05:13 PM
ভূমিকম্পের সময় নরসিংদীতে সানশেড ভেঙে নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে ওমরের দাফন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। চাকরিজনিত কারণে তিনি পরিবারের সঙ্গে নরসিংদী শহরের গাবতলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
তার নয় বছর বয়সী ছেলে ওমর সেখানকার একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ভূমিকম্পের সময় পাশের নির্মাণাধীন বাসার সানশেড ধসে তাদের ওপর পড়ে। এর ফলে উজ্জ্বল তার দুই মেয়ে ও এক ছেলে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে নেওয়ার পর চিকিৎসকরা ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান দেলোয়ার।
দেলোয়ারের দুই মেয়ে আহত হয়ে হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে।
পরে শনিবার বাবা-ছেলের মরদেহ পাকুন্দিয়ার উত্তরপাড়া আনা হয়।
সেখানে তাদের জানাজায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. বিল্লাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল মানুষ অংশগ্রহণ করেন।