পাহাড়ে গাছে ঝুলছিল জেলফেরত মাদকের আসামির লাশ
“সম্প্রতি তিনি জামিনে বের হন। স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।”
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন একটি পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যিনি সম্প্রতি জেল থেকে ফিরেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
মৃত ৩০ বছর বয়সী মো. রফিক ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, রফিকের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস বলেনউদ্দিন বলেন, “কেরুনতলী এলাকার পাহাড়ে রফিকের লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
“স্বজনরা জানিয়েছে, রফিক মাদক মামলায় কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন। স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল।”
দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রফিকের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
