Published : 24 Apr 2026, 09:55 PM
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতার মামলায় ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন বলে জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
তিনি বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান ও সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী খালেদ বিন পার্থিব অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসানকে মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রশিবিরের একটি মিছিল কলেজ গেটের সামনে পৌঁছালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
ঈশ্বরদীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ