Published : 24 Apr 2026, 12:06 AM
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা, ‘গুপ্ত রাজনীতি চলবে না’, ‘শিবিরের চামড়া তুলে নেব আমরা’, ‘সন্ত্রাস, সন্ত্রাস, জামাত শিবির সন্ত্রাস’, ‘আমার ভাই আহত কেন, চুম্মা শফিক জবাব দে’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘জামায়াত শিবির, জামায়াত শিবির, গুপ্ত গুপ্ত’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “১৯৭১ সালে প্রতারণা, ধর্ষণ ও হত্যার জন্য একটি দলকে মানুষ পাছায় লাথি মেরে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল। সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে না আসলে তোমাদেরকেও পাছায় লাথি দিয়ে পাকিস্তানে ফেলে দেওয়া হবে।”
জামায়াতে ইসলামীদের নেতাদের ‘সিনিয়র রাজাকার’ এবং ছাত্র শিবিরকে ‘জুনিয়র রাজাকার’ আখ্যা দিয়ে জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনতিবিলম্বে ‘জুনিয়র রাজাকারদের’ থামান। আর যদি থামাতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজ এসব ‘জুনিয়র রাজাকারদের’ বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঠাঁই দেবে না।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহরুল হক বলেন, “বিএনপি সরকার গঠনের পর বিরোধীদলসহ সব দলকে নিয়ে সুশৃঙ্খল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বিরোধীরা আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে উঠেপড়ে লেগেছে। এভাবেই চলতে থাকলে শুধুমাত্র রাবি ক্যাম্পাস নয় বরং বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই এই ফ্যাসিস্ট প্রেতাত্মাদের স্থান হবে না।”
আরও পড়ুন: