টাঙ্গাইলে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ
মা ও নবজাতকরা সুস্থ আছে বলে অস্ত্রোপচার করা চিকিৎসক জানান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দেন জানান তার স্বামী।
প্রসূতি সাদিয়া আক্তার (২০) জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের প্রবাস ফেরত আল আমিন শিকদারের স্ত্রী।
আল আমিন বলেন, সাদিয়াকে দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শে গত ১৪ অগাস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসক শাহনেওয়াজ খানের তত্ত্বাবধানে থাকার পর বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে চার ছেলেসন্তানের জন্ম দেন সাদিয়া।
এর মধ্যে এক নবজাতককে শয্যায় মায়ের কাছে দেওয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এখনও সন্তানদের কোনো নাম রাখা হয়নি বলে জানান আল আমিন।
বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে বলে অস্ত্রোপচার করা চিকিৎসক শাহনেওয়াজ খান জানান।
হাসপাতালটির এজিএম অনিমেষ ভৌমিক বলেন, প্রসূতি ও জন্ম নেওয়া শিশুরা সুস্থ আছে। তবে শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।
