২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মেঘনায় জাটকা ধরায় ৩৫ জেলেকে জরিমানা

বরিশালে অভিযানের সময় জব্দ করা বিপুল চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বরিশালের মেঘনা নদীতে জাটকা ধরায় আটক ৩৫ জেলেকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানের সময় জব্দ করা বিপুল চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হয়।

রোববার রাত একটা থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

জরিমানা পাওয়ারা হলেন- শাকিল, শুভ, মাইদুল, রিপন খা, শামিম, সাকিব, রিপন, হোসেন বেপারী, জহিরুল, খলিল সিকদার, শাওন সিকদার, সিরাজ দেওয়ান, মনির, ইব্রাহিম, মাইনুদ্দিন, হাসান, আবুল কালাম, সাইফুল, আহিল বেপারী, শিপন হাওলাদার, কালু বেপারী, মনির মোল্লা, সেলিম খান, মো. সাহিন, ছবির, আব্দুল্লাহ, চুন্নু হাওলাদার, মাইদুল বেপারী, জিয়াউদ্দিন, জুলহাস বেপারী, ইরমাদ, ফারুক, আল আমিন বিশ্বাস এবং রতন বেপারী। তারা হিজলা উপজেলার বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীতে দ্রুতগতির নৌযানে পাচারের সময় পাঁচ লাখ ৬০ হাজার গলদা চিংড়ি রেনু জব্দ করা হয়। তবে পাচারকারীরা নৌ-যান রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে রাতেই চিংড়ি রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

এ ছাড়া রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে মশারি ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের সময় ৩৫ জেলেকে আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

জরিমানার টাকা আদায় ও মুচলেকা দেওয়ার পর জেলেদের ছেড়ে দেওয়া হয় বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।