১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামের তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, শীতে কাহিল মানুষ

আবহাওয়া কর্মকর্তা সুবল জানান, এ মাসের ১৫ তারিখের পর জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2024, 12:57 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

কুড়িগ্রামে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। 

বুধবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। 

যা এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

এছাড়া আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘণ্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। 

এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। 

বেশি কষ্টে পড়েছেন জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন। 

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়ি চালক সিরাজুল বলেন, “কয়েকদিন থেকে খুব ঠান্ডা। আজ (বুধবার) আরও বেশি ঠান্ডা। হাত পা বরফ হয়ে যায়। কাজ করা খুব সমস্যা হইছে।”

ওই ইউনিয়নের ধরলার পাড় এলাকার সাইফুল বলেন, “বোরো বীজতলা তৈরির কাজ করছি। পানিতে হাতে দেয়া যায় না, এতো ঠান্ডা। তার পরেও হামারগুলার কাজ ছাড়া উপায় নাই।”

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। মঙ্গলবার ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তা সুবল আরও জানান, এ মাসের ১৫ তারিখের পর এ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।