Published : 23 Dec 2025, 09:09 PM
দীর্ঘ ২৩ মাস ৯ দিন পর ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায়।
মঙ্গলবার বিকাল থেকে সার উৎপাদন শুরু হয় বলে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান।
২০২৪ সালের ১৫ জানুয়ারি এই কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে।
২৪ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাসের সংযোগ দেয়। এরপর থেকে ইউরিয়া উৎপাদনের চেষ্টা চলছিল। মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে কারাখানা কর্তৃপক্ষ জানায়।
প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয় যমুনা সার কারখানায়।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয় ১৯৯১ সালে।
যমুনায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কারখানার কমান্ড এরিয়ার ১৯ জেলায় সরবরাহ করা হয়ে থাকে।
দীর্ঘদিন পরে উৎপাদনে ফেরায় খুশি যমুনা কারখানার শ্রমিক-কর্মচারী, পরিবহন শ্রমিক, সার ডিলার, কৃষকসহ কারখানা এলাকার সাধারণ মানুষ।
সার ডিলার চাঁন মিয়া চানু সাংবাদিকদের বলেন, যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার প্রায় আড়াই হাজার ডিলার সার উত্তোলন করেন। দীর্ঘদিন পর সার উৎপাদন শুরু হওয়ায় খুশি ব্যবসায়ীরা।
যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা চরম কষ্টে ছিলেন। কারখানায় উৎপাদন শুরু হওয়ায় সবার মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে।”