১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ: ময়মনসিংহ মেডিকেলে সাড়ে চার মাস বয়সী শিশুর মৃত্যু

সন্তান হারানো রকিব মিয়া বলেন, “শুধুমাত্র আইসিইউ সংকটের কারণে আমার বুকের ধনকে হারালাম।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 12:27 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে ২৬ শিশুর মৃত্যু হলো।

মঙ্লবার সকাল সোয়া ৯টার দিকে সাড়ে চার মাস বয়সী সামির হোসেন মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান। 

সামির কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রকিব মিয়ার ছেলে। গত ১৬ এপ্রিল হামের উপসর্গ থাকায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। 

সন্তান হারানো রকিব মিয়া বলেন, “শুধুমাত্র আইসিইউ সংকটের কারণে আমার বুকের ধনকে হারালাম। শেষ দিকে তার অবস্থা এতোটাই জটিল হয়েছে যে তখন আইসিইউর খুব প্রয়োজন ছিল। এতো বড় একটি হাসপাতালে আইসিইউ এর অভাবে শিশুরা মারা যাচ্ছে তা মেনে নেওয়ার মতো নয়।”

সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “শিশুটি হাম উপসর্গের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে আইসিইউ থাকলে হয়তো সে বেঁচে যেতো।”

এদিকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের তথ্য জানিয়ে বুধবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ শিশু। মোট ভর্তি রয়েছে ৭৫ শিশু। 

এছাড়া গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ১০৫ শিশু। এর মধ্যে ১ হাজার ৪ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এবং ২৬ শিশুর মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।