ফেনীতে শোবার ঘরে নারীর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
“বোনকে একাধিকবার নির্যাতন করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।”
ফেনীতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ; যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবু লাইস লেনের সাহাবুদ্দিন ম্যানশনের ৫ম তলার বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধারের খবর জানান ফেনী মডেল থানার এসআই হাসনাত আবদুল্লাহ চৌধুরী।
নিহত জোহরা আক্তার টুনি (৩২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের ফজলুল হকের স্ত্রী। তার লাশ ময়নতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিন সন্তানের জননী টুনির স্বামী ফজলুল ফেনী রেলওয়ে স্টেশনের নৈশপ্রহরীর চাকরি করেন।
নিহতের ভাই জামাল উদ্দিন বলেন, বিয়ের পর থেকে টুনির সঙ্গে তার স্বামীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বোনকে একাধিকবার নির্যাতন করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এসআই হাসনাত বলেন, “টুনির মরদেহ তার শয়নকক্ষের খাটের ওপর পাখার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছিলো। তার দুই হাঁটু খাটে লাগানো ছিল। তিনি আত্নহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে, সেটি তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে টুনির স্বামী ফজলুল হক বলেন, তার স্ত্রী মঙ্গলবার পরকীয়ার কথা তাকে জানিয়ে ক্ষমা চেয়েছিল। সেই কারণে সে আত্মহত্যা করেছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ময়নাতদন্তের পর টুনির মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
