Published : 07 Apr 2026, 09:39 PM
রাঙামাটির বরকল উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান বরকল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৬) এবং বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে এনা চাকমা (১৮)।
স্থানীয়রা মেয়ের বাড়ির পাশের একটি গাছে লাশ দুটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, “সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। শুনেছি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর সালাম বলেন, “বিয়ের জন্য দুই পরিবারের অভিভাবকদের মধ্যে আলোচনা চলছিল। সুভাষ চাকমার আগের স্ত্রী বিষয়টি জানতে পারেন এবং তিনি বিয়েতে অসম্মতি জানান। পরে মেয়ে পক্ষ ছেলের আগের স্ত্রী থাকার বিষয়টি জানতে পরে, তখন তারা আর বিয়ে দিতে চাচ্ছিল না।”