প্রেমের টানে বাংলাদেশে, পতাকা বৈঠক করে ফেরত
পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় বিএসএফ।
প্রেমের টানে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল বর্ডার দিয়ে হস্তান্তর করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে হরিদাসপুর বিএসএফের কাছে ওই তরুণীকে তুলে দেওয়া হয় বলে যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান জানান।
একুশ বছর বয়সী ওই তরুণী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার বাসিন্দা।
মিজানুর রহমান বলেন, “দুই বছর আগে ভারতীয় ওই তরুণীর সঙ্গে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার এক যুবকের ফেইসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে গত ২৯ জুন মেয়েটি ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে।
“তিনদিন ধরে ওই যুবকের সঙ্গে অবস্থান করছিলেন মেয়েটি। এক পর্যায়ে মঙ্গলবার বিকালে ছেলেটি তার এক বন্ধুকে দিয়ে ওই তরুণীকে বেনাপোলে পাঠিয়ে দেয়। পরে বন্ধুটি মেয়েটিকে বেনাপোলে রেখে কৌশলে পালিয়ে যায়। এরপর তাকে কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।"
এরপর বিজিবি সব ঘটনা বিএসএফকে অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় বিএসএফ। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
