মেঘনায় ঝুঁকি নিয়ে নৌকায় যাত্রী পারাপার, ২ মাঝির কারাদণ্ড
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের ছোট নৌযানে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনায় ঝুঁকি নিয়ে নৌকায় যাত্রী পারাপারের দায়ে দুই মাঝিকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের মো. নুর উদ্দিন (৫০) ও ভোলার দৌলতখান পৌর এলাকার মো. বাবুল (৫৫) মাঝি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি এড়াতে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে সব ধরনের ছোট নৌযানে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করে সরকার। এ নির্দেশ অমান্য করে রামগতি উপজেলার বহদ্দারহাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলার দৌলতখানে নৌকায় যাত্রী পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুই নৌকার মাঝিকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় রামগতি কোস্টগার্ড ও থানা পুলিশ সহায়তা করে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তুনু চৌধুরী।
