সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
‘স্ট্রোক’ করে কৃষক দল নেতা মারা গেছেন বলে দাবি জামায়াতের।
ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
তবে জামায়াত নেতাদের দাবি, হামলায় নয় কৃষক দল নেতা তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে একটি মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং দলটির নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা বক্তব্য দেন।
এম এ মজিদ বলেন, “জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কৃষক দল নেতা তরু মুন্সীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন। তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই।”
নিহত তরু মুন্সী (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি গান্না ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তবে তরু মুন্সীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি জামায়াতের। এদিন দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান বলেন, “মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিল। সেখানে বিএনপির লোকজন গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানি করেন। যে কারণে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়।”
বিএনপি কর্মীর মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে দাবি করে তিনি বলেন, “তরু মুন্সী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মারামারির কারণে তিনি আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন। যে কারণে তার মৃত্যু হয়েছে।”
তরু মুন্সীর মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, বিএনপির লোকজন জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুর করেছেন।
এর আগে শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কৃষক দল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে তরু মুন্সী মারা যান।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
