ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানায় পুলিশ।
ঝিনাইদহ সদরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপির এক কর্মী মারা গেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
এদিন দুপুরে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন বলে জানান তিনি। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ১০ জন।
নিহত তরু মুন্সি (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই যুগ বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
বেতাই পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল আলীম বলেন, দুপুরে মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা বৈঠকের জন্য জড়ো হন। বিষয়টি দেখে প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সঙ্গে জামায়াত নেতাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলীর অভিযোগ, “জামায়াতের নারী কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও অংশ নেয়।”
ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “জামায়াতের নারী কর্মীরা ইফতার পার্টির আয়োজন করছিলেন। এতে বিএনপি বাধা দেয়। খবর পেয়ে জামায়াতের সমর্থকরা সেখানে যান। এরপর সংঘর্ষ বেধে যায়।”
সংঘর্ষের পর ওই গ্রামে পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
