টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের স্মরণে নির্মিত তোরণে ফের অগ্নিসংযোগ
দুই রাতে দুইবার আগুনের ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আবারও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করা হয়। ওই রাতেই এতে আগুন দেওয়া হয়। পরদিন রোববার রাতে তোরণের বাকি অংশেও আবার আগুন দেওয়া হয়।
স্থানীয়রা জানান, আগুনে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও পরিচয়সংবলিত অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, প্রথমবার আগুন দেওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে আবার আগুন দেওয়ার খবর পেয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পরপর দুইবার আগুন দেওয়ার ঘটনায় জুলাই যোদ্ধাদের অপমান করা হয়েছে। আমরা দোষীদের শাস্তি দাবি করছি।”
ওসি আইয়ুব আলী বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
আরও পড়ুন:
