২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি ব্যক্তির নামে: সাব রেজিস্ট্রার-জরিপকারকের কারাদণ্ড

এক আসামির ৩ বছরের এবং আরেক আসামির ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 07:57 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

কুষ্টিয়ায় জাল দলিল সৃষ্টি করে সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় লিখে দেওয়ার অভিযোগে সাবেক এক সাব রেজিস্ট্রার ও এক জরিপকারকের কারাদণ্ড হয়েছে। 

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও বিশেষ দায়রা জজ মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে দুদকের কুষ্টিয়ার কৌঁসুলি আল মুজাহিদ মিঠু জানান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার (বর্তমানে অবসরপ্রাপ্ত), বরগুনা সদর উপজেলার সিংড়াবাড়ী এলাকার মৃত আবুল হাসেম হাওলাদারের ছেলে আব্দুস সাত্তার এবং মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের বরখাস্তকৃত জরিপকারক, মেহেরপুর পৌর এলাকার মৃত ইছাহক আলীর ছেলে আব্দুল মজিদ।

এদের মধ্যে আব্দুস সাত্তারকে (৬৫) ৩ বছরের এবং আব্দুল মজিদকে (৫১) ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, জরিপকারক আব্দুল মজিদ সরকারি কর্মচারী হওয়ার সুযোগ নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ১৮টি দলিল সম্পাদন করে সরকারি খাসজমি ব্যক্তি মালিকানায় লিখে দেন। 

এ ঘটনায় মেহেরপুর উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বর্তমানে মৃত) আমিনুর রহমান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন।  

পরে এ মামলার তদন্ত শুরু করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল এবং উপ পরিচালক আব্দুল গাফ্ফার। 

২০১৭ সালের ১০ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করেন দুদকের তদন্তকারী কর্মকর্তারা। 

দুদক কুষ্টিয়ার কৌঁসুলি আল মুজাহিদ মিঠু জানান, প্রায় ১২ বছর আগে দায়ের হওয়া এই মামলায় ওই দুজনকে সাজা দিয়েছে আদালত।